মুঘল আমলের আভিজাত্য, রাজকীয় খাবার আর সুফি সংগীতের মূর্ছনায় রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বর্ণিল সংগীত উৎসব ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। উৎসবের প্রথম আয়োজন হিসেবে শুরু হয়েছে ‘সুফি মিউজিক এডিশন’।
রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটির প্রাঙ্গণে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে সংগীতপ্রেমী ও ভোজনরসিক অতিথিরা একই সঙ্গে উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর লাইভ সংগীত পরিবেশনা ও মুঘল ঐতিহ্যের রাজকীয় খাবার।
আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী সুফি সংগীতের লাইভ পরিবেশনার পাশাপাশি অতিথিদের জন্য থাকছে মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি নানা স্বাদের খাবার। ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এ উৎসবের বিভিন্ন পর্ব।
আয়োজনের সূচি অনুযায়ী, ৬ নভেম্বর রবীন্দ্রসংগীত, ১৩ নভেম্বর নব্বইয়ের দশকের হিন্দি গান, ২০ নভেম্বর নজরুলগীতি, ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান, ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীত পরিবেশিত হবে।
সংগীত, ঐতিহ্য ও রসনার সমন্বয়ে আয়োজিত এ উৎসবে অংশ নিতে এবং অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৬৯৯৯৯৮৬৬ অথবা ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।