শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বিপুল অর্থের অপচয় ও ব্যর্থতা: ফেনী অঞ্চলে সরকারের কার্যকর উদ্যোগের দাবি

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

ফেনী ও আশপাশের জেলাগুলোতে ভারতীয় পানি আগ্রাসনের ফলে সৃষ্ট বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে অবিলম্বে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ফেনীবাসী নামক একটি নাগরিক সংগঠন। দাবি না মানা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে ঢাকায় অবস্থানরত ফেনীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম মজুমদার এবং সঞ্চালনা করেন ফেনী কমিউনিটির মুখপাত্র বুরহান উদ্দিন ফয়সল।

বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজামউদ্দিন, দাগনভুঁইয়া উন্নয়ন ফোরামের সভাপতি মেসবাহ উদ্দিন সাঈদ, ফেনী ফোরামের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, উন্নয়ন গবেষক নাজমুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী, সাংবাদিক শাহ মহিউদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতা মনির উদ্দিন মনি, পরশুরাম ফোরামের সেক্রেটারি মহিউদ্দিন পলাশ, ফেনী সদর এসোসিয়েশনের নাসির উদ্দিন রুমেল, শ্রমিক নেতা আব্দুর রহিম, ফেনী এলিট ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ নোমানি, শিক্ষক রিয়াজ উদ্দিন ও দেলোয়ার হোসেন, ফেনী সোসাইটি উত্তরার এমরানুল হক, সোনালী ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের সিবিএ নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ভারত থেকে আসা উজানের পানির প্রবল স্রোতে ফেনী ও আশপাশের এলাকা বারবার প্লাবিত হচ্ছে। কিন্তু সরকার স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। তারা বলেন, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো টেকসই হয়নি। অনেক বাঁধ মেরামতের কয়েক মাসের মধ্যেই ফাটল ধরেছে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “ফেনীবাসী ত্রাণ নয়, স্থায়ী বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা চায়। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দ্রুত রোডম্যাপ না দিলে কঠোর কর্মসূচিতে যাবে ফেনীবাসী।

জেএসডি’র শহীদ উদ্দিন স্বপন বলেন, “মিথ্যা আশ্বাসে ফেনীবাসী আর ভরসা করে না। কার্যকর ব্যবস্থা এখনই নিতে হবে।”

সভাপতির বক্তব্যে দিদারুল আলম মজুমদার বলেন, “পানি সম্পদ উপদেষ্টা ও পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতার দায়ে তাদের পদত্যাগ করা উচিত। পরিকল্পনার নামে হাজার কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু ফল নেই।

মানববন্ধন থেকে উত্থাপিত প্রধান দাবি:

১. স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা: উজান থেকে নেমে আসা পানিতে বারবার ভাটির প্লাবন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

২. বল্লামুখা বাঁধ ও মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণ: ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের জন্য এসব প্রতিরক্ষাব্যবস্থা জরুরি।

৩. জলাবদ্ধতা নিরসনে নদী খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থা: শহর ও গ্রামীণ এলাকায় জলাধার উদ্ধার ও অপরিকল্পিত স্থাপনা অপসারণ করতে হবে।

৪. ১০০০ কোটি টাকার ব্যয়ের হিসাব: অন্তর্বর্তী সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের অর্থ কোথায় ব্যয় হয়েছে তা জনসমক্ষে আনতে হবে।

৫. বন্যা-প্রবণ এলাকায় তিনতলা শিক্ষা ভবন: যেন দুর্যোগকালে এসব ভবন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

৬. দুর্নীতির তদন্ত: বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অনিয়মের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৭. ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ: ফেনী নদীর পানি ভারতকে সরবরাহ বন্ধ করতে হবে।

প্রতিবাদকারীরা বলেন, এসব দাবির বিষয়ে দ্রুত ঘোষণা না এলে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও যোগাযোগপথে ঘেরাও ও অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ